১৫ আগস্ট শুরু করছেন খালিদ, কাফা কাপই প্রথম চ্যালেঞ্জ

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সমাজমাধ্যম

ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে সরকারিভাবে ঘোষণা হল খালিদ জামিলের নাম। ভারতীয় দলের হেড কোচ হিসেবে দু’বছরের চুক্তিতে সই করেছেন খালিদ জামিল। তিনি এবার পূর্ণকালীন ভিত্তিতে জাতীয় দলের দায়িত্ব নেবেন।

খালিদ জামিল বলেছেন, “কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। পাশাপাশি আমি কিছুটা ভাগ্যবানও। এর আগে অনেক দিন ধরেই ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি। তাদের শক্তি, দুর্বলতাগুলি আমার জানা।

জাতীয় দলের কোচ হিসেবে খালিদের প্রথম পরীক্ষা কাফা নেশনস কাপ।২৯ তারিখ থেকে শুরু হতে চলেছে কাফা নেশনস কাপ। এই টুর্নামেন্টে থেকেই জাতীয় দলের ডাগআউটে বসতে দেখা যাবে খালিদকে। ভারত রয়েছে গ্রুপ ডি’তে। এই টুর্নামেন্টে ভারত তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। কাফা নেশনস কাপের জন্য ১৫ আগস্ট থেকে প্রস্তুতি শিবির শুরু হবে ভারতীয় দলের।

অক্টোবরে ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ রয়েছে। অক্টোবরের ৯ এবং ১৪ তারিখ সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ভারত।

ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ১৫ আগস্ট প্রথম প্রশিক্ষণ শিবির শুরু করবেন তিনি। মানালো মার্কুয়েজ পূর্ণ সময়ের কোচ ছিলেন না তিনি একইসঙ্গে ভারতীয় দল ও এফসি গোয়ার কোচ ছিলেন।

আই লিগ থেকে আইএসএল, উভয় ক্ষেত্রেই সফল একটা নাম খালিদ জামিল। সর্বোচ্চ স্তরে কোচিং করানোর কারণে ভারতীয় ফুটবলকে ভালোমতো চেনেন তিনি। ২০২৩ সাল থেকে তিনি জামশেদপুর এফসি’র দায়িত্বে রয়েছেন।