এঁচোড়ের বিরিয়ানি: বঙ্গবার্তা রান্নাঘর

Published By Subrata Halder, 05 May 2025, 06:10 pm

সোশ্যাল মিডিয়ায় এঁচোড়ের বিভিন্ন রেসিপি নিয়ে অনেকেই ঠাট্টা তামাশা করেন। তা হলেও এঁচোড় দিয়ে যে দারুণ মুখরোচক রেসিপি তৈরি করা যায় তা আমরা হয়তো অনেকেই জানি না। এমনই মুখরোচক রেসিপি হলো এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড় চিংড়ি, এঁচোড়ের কোপ্তা, রসা এঁচোড়, চিলি এঁচোড় এসব এবার চলুন আপনাদের জানাবো এঁচোড় দিয়ে বিরিয়ানি। তাহলে আর দেরি কেন চলুন সোজা রান্নাঘরে।

কি কি উপকরণ লাগবে

১)এঁচোড় ৫০০ গ্রাম

২)বাসমতি চাল: ২ কাপ

৩)পেঁয়াজ কুঁচি: ২টি

৪)বেরেস্তা: ১ কাপ

৫)রসুন বাটা: ১ টেবিল চামচ

৬)আদা বাটা: ১ টেবিল চামচ

৭)টক দই: ১/২ কাপ

৮)টমেটো কুচি: ১টি

৯)লবণ: পরিমাণমতো

১০)হলুদ গুঁড়ো: ১ চা চামচ

১১)লংকার গুঁড়ো: ১ চা চামচ

১২)ধনে গুঁড়ো: ১ চা চামচ

১৩)জিরা গুঁড়ো: ১ চা চামচ

১৪)গরম মসলা গুঁড়ো: ১/২ চা চামচ

১৫)তেজপাতা: ২টি

১৬)দারুচিনি: ২ টুকরো

১৭)এলাচ: ৩টি

১৮)লবঙ্গ: ৪টি

১৯)ঘি: ২ টেবিল চামচ

২০)সয়াবিন তেল: ৪ টেবিল চামচ

২১)কাঁচা লঙ্কা: ৪টি (চিরে রাখা)

২২)দুধ: ১/২ কাপ (ঐচ্ছিক)

২৩)জাফরান: ১ চিমটি (দুধে ভিজিয়ে রাখা)

কিভাবে তৈরি করতে হবে

প্রথমে এঁচোড় ছোট করে কেটে হালকা সেদ্ধ করে নিন, একেবারে যেন নরম না হয়ে যায় খেয়াল রাখতে হবে । একইভাবে অন্য একটি পাত্রে একটু লবণ ও তেজপাতা দিয়ে জল ফুটিয়ে চাল আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে পেঁয়াজ কুঁচি ভেজে তাতে আদা, রসুন বাটা, টমেটো, দই, সব গুঁড়ো মশলা ও লবণ দিয়ে দিন। মশলাগুলো ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছেড়ে দেয়। বাড়িতে জাফরান থাকলে ছোট একটি পাত্রে দুধের মধ্যে এক চিমটি জাফরান ভিজিয়ে রাখুন। জাফরান না থাকলে ওই ধাপটি বাদ দেওয়া যাবে।

এবার এঁচোড়ের টুকরোগুলো মশলায় দিয়ে দিন এবং ভালোভাবে কষান। ঢেকে কিছুক্ষণ রান্না করুন যেন এঁচোড় মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর একটি বড় হাঁড়িতে প্রথমে ঘি মাখিয়ে নিন। এরপর এক লেয়ার চাল, তারপর এক লেয়ার এঁচোড়ের মিশ্রণ – এভাবে সাজিয়ে ওপরে বেরেস্তা, কাঁচা লংকা, জাফরান দুধ ও গরম মশলা ছিটিয়ে দিন।

এবারে ঢাকনা দিয়ে হাঁড়িটি ভালো করে ঢেকে দিন, চারপাশে আটা দিয়ে আটকে দিন দেখবেন যেন ভাপ বের না হয়ে যায়। কম আঁচে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। এর সঙ্গে রায় তাহলে কোন কথাই নেই।