বঙ্গবার্তা ব্যুরো,
কলম্বোয় ঐতিহাসিক সংবর্ধনা পেলেন মোদী।শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান সে দেশের প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর ব্যাঙ্কক সফর শেষ করে শুক্রবার সন্ধ্যায় কলম্বো পৌঁছান প্রধানমন্ত্রী মোদী।
শ্রীলঙ্কার আয়োজক কর্তাদের মতে, এটি প্রথমবার যে কোনও বিদেশি নেতাকে স্বাধীনতা চত্বরে এমন সংবর্ধনা দেওয়া হল। সংবর্ধনার পর প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট অনুরা দিসানায়াকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন।গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ডিসেম্বরে দিল্লি এসে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন বাম নেতা অনুরা। সেই বৈঠকে শ্রীলঙ্কার মাটিকে ভারত-বিরোধী তৎপরতায় ব্যবহার না করার আশ্বাস দিয়েছিলেন তিনি। কলম্বোতে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট দিসানায়াকে ভারতের সহায়তায় নির্মিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। নতুন সরকারের আমলে অর্থনীতির হাল কিছুটা ফিরেছে।এ বার মোদীর সফরে নয়াদিল্লি-কলম্বো বাণিজ্যিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই নিয়ে চতুর্থ বার শ্রীলঙ্কায় গেলেন তিনি।প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর এমন সময়ে হচ্ছে যখন দেশটি অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষণ দেখাচ্ছে। তিন বছর আগে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। তখন ভারত ৪.৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেয়। মোদীর এই সফর কূটনৈতিক মহলে ‘অন্য মাত্রা’ পেয়েছে। শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা ভারতের দেওয়া অভূতপূর্ব সহায়তা নিয়ে সংবাদসংস্থাকে বলেন, “এটি বিশ্বের কোনো দেশকে ভারতের দেওয়া সহায়তার তুলনায় অনেক বড়।”

