বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
৫৩ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠে হোক বা মাঠের বাইরে তিনিই বাঙালির বর্তমান আইকন। বাইশ গজে ব্যাট হাতে তৈরি করেছেন একাধিক রেকর্ড।
এছাড়াও ভারতীয় দলের অধিনায়ক হিসাবেও গড়েছেন নজির। লর্ডসের ব্যালকনিতে ঐতিহাসিক সেলিব্রেশন হোক কিংবা বাপি বাড়ি যা শট, ক্রেকেটপ্রেমীদের একাধিক দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছেন বাংলার এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের নবজাগরনের পথিকৃত।
আগের দিন রাত থেকেই দাদার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে য়ায়।লন্ডন থেকে ফেরার পথে দুবাইতে কেক কাটেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে, সৌরভ একটি কালো রংয়ের টি-শার্ট পরে রয়েছেন। কেক কাটার পর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খাইয়ে দিচ্ছেন তিনি। দাদা ভক্তরা ছবিটিকে ভালবাসায় (লাভ রিয়্যাক্ট) ভরিয়ে দিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকেই বেহালার বীরেন রায় বোডের আবাসে ভক্তদের আনাগোনা শুরু হয়। জন্মদিনে বেহালার বাড়িতে তামিলনাড়ু থেকে আসা ভক্তদের মধ্যাহ্নভোজ করালেন মহারাজ। তরুণ ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন সৌরভ। সন্ধ্যায় সিএবিতে হল মহারাজের জন্মদিন উদযাপন।
ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ক্রিকেট বিশ্লেষণী অনুষ্ঠানে সুনীল গাভাসকারের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়। অনেকদিন পর ফের সৌরভকে ক্রিকেট অ্যানালিস্টের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল।

