স্বনির্ভরতার লক্ষ্যে স্কটিশ চার্চ কলেজের উদ্যোগে হস্তশিল্পের প্রদর্শনী

বঙ্গবার্তা ব্যুরো,

রাজ্যের স্বনির্ভর মহিলাদের জন্য নতুন দিগন্তের সূচনা করেছে শান্তিনিকেতনের আমার কুটির সংস্থা ও কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের হস্তশিল্প ও স্বনির্ভর উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির পথ দেখাচ্ছে আমার কুটির। দু’দিনব্যাপী এক বিশেষ হস্তশিল্প প্রদর্শনী হয়ে গেলো স্কটিশচার্চ
কলেজ ক্যাম্পাসে।

প্রদর্শনীতে অংশ নেন, এ রাজ্যের বিভিন্ন জেলার সেইসব মহিলারা, যারা আমার কুটিরের ডিজিটাল বিক্রয় প্রশিক্ষণ এবং স্কটিশ চার্চ কলেজের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে যুক্ত হয়ে স্বনির্ভর হয়ে উঠেছেন। প্রদর্শনীতে তাদের তৈরি নকশীকাঁথা, টাই অ্যান্ড ডাই, বাটিক সহ নানা ধরনের হস্তশিল্প সামগ্রীর সম্ভার দেখে শুনে কেনার সুযোগ পেলেন কলকাতার মানুষজন।

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জুরি মণ্ডল বলেন, শুধু ছাত্র ছাত্রী নয়, বাইরের আগ্রহীদেরও এই প্রশিক্ষণে যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। স্কটিশ চার্চ কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করেছেন। অনলাইন বিক্রির কৌশল শিখিয়ে তাদের সহযোগিতা করছে আমার কুটির।

২০২৪ সালে কলেজে তৈরি হয়েছে বিয়োগ বাণিজ্য সেল, যার নেতৃত্বে রয়েছেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ললিতা রায়। তিনি জানান, গত বছরের ১১ ই মে থেকে হস্তশিল্প নিয়ে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। এখনো পর্যন্ত চতুর্থ ব্যাচে ৬৩ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছেন। শিক্ষা মন্ত্রকের নির্দেশ অনুযায়ী কর্মমুখী শিক্ষায় জোর দিতেই এই উদ্যোগ।

আমার কুটিরের প্রশিক্ষক বন্যা রায় বলেন, হস্তশিল্পকে নতুন প্রজন্মের কাছে ব্যাবসা উপযোগী করে তোলাই তার মূল লক্ষ্য। যে লক্ষ পূরণে শহরের নাগরিকরাও ক্রেতা হিসেবে পরোক্ষ ভাবে এই উদ্যোগে সামিল হয়েছেন