বিধানসভা অধিবেশনে ভারতীয় সেনাকে সম্মান জানাতে বিশেষ প্রস্তাব আসতে চলেছে

Published By Subrata Halder, 15 May 2025, 11:37 pm

বঙ্গবার্তা ব্যুরো,
গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীতে সম্মান জানাতে আগামী শনি এবং রবিবার রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ব্লকে রাজপথে নামবে তৃণমূল কংগ্রেস। এরপর রাজ্য বিধানসভার তরফ থেকে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন বিধানসভার অধিবেশনে ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানাতে বিধানসভায় বিশেষ প্রস্তাব আনা হবে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানান আগামী ৯ ই জুন রাজ্য বিধানসভায় অধিবেশন শুরু হবে। ৯ তারিখ থেকে যে অধিবেশন শুরু হতে চলেছে তা দুই থেকে আড়াই সপ্তাহ পর্যন্ত চলতে পারে। রাজ্য সরকারের তরফ থেকে এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজভবন থেকে ফেরত পাঠানো একটি বিল এই অধিবেশনে আরো একবার তোলা হতে পারে বলে এদিন জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, যে সমস্ত জওয়ানরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন এবং কেউ নিহত হয়েছেন তাদের স্মৃতিতে বিধানসভায় একটি প্রস্তাব আনা হতে পারে। এই প্রস্তাবে বীর যোদ্ধাদের সম্মান জানানো এবং ধন্যবাদ দেওয়া হবে। এদিন প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানো হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা এদিন বিধানসভায় শেষ শ্রদ্ধা জানান।