বঙ্গবার্তা ব্যুরো,
নতুন ফুটবল প্রতিভার সন্ধানে উদ্যোগী আইএফএ। সেই ভাবনা থেকেই স্কুল ফুটবল ফিরিয়ে নিয়ে আসছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। একটি বেসরকারি স্কুলের সঙ্গে একজোট হয়ে এই স্কুল ফুটবলের আয়োজন। ফলস্বরূপ
আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ইন্টার স্কুল স্টেট চ্যাম্পিয়নশিপ। বুধবার এই বিষয়ে দুই সংস্থার মধ্যে মৌ সাক্ষরিত হল। অনূর্ধ্ব চোদ্দ এই টুর্নামেন্টে রাজ্যের প্রতিটি জেলা থেকে জেলা ক্রীড়া সংস্থার বেছে নেওয়া আটটি স্কুলকে নিয়ে প্রথমে জেলা স্তরে খেলা, সফল স্কুল গুলিকে নিয়ে বিভিন্ন জেলা ভিত্তিক খেলা এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান আগামী মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হবে। প্রতিভা বাছাইয়ের জন্য স্কাউট থাকবে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৌম্য গুহমল্লিক জানান আইএফএ-র সঙ্গে স্কুল ফুটবলের এই প্রকল্পে সামিল হতে পেরে তারা গর্বিত। এই প্রকল্প আগামী দিনে দেশে ভালো ফুটবল প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
নতুন ফুটবল প্রতিভার সন্ধানে আইএফএ

