জঙ্গি বিরোধী যুদ্ধে বিশ্ব ভারতের পক্ষে, ব্যতিক্রম চীন

PM Modi Pahalgam attack response 2025

Published By Subrata Halder, 07 May 2025, 08:40 pm

বঙ্গবার্তা ব্যুরো,
সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জবাবী হামলা দুঃখজনক বলে মত চীনের। ভারত এবং পাকিস্তান উভয়ে প্রতিবেশী রাষ্ট্র বলে উল্লেখ করে, চিনের বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে, ভারত এবং পাকিস্তান উভয় দেশই তাদেরও প্রতিবেশী। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া উদ্বেগের।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অনেকেই জানতেন কিছু একটা হতে যাচ্ছে। সম্প্রতিক অতীতের ঘটনার জেরেই তা হয়েছে। তিনি বলেন তার আশা খুব তাড়াতাড়ি দু দেশের মধ্যে পারস্পরিক হিংসা কমে যাবে।
রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোভা এই ঘটনায় গভীর ভাবে উদ্বিগ্ন। পহেলগামের ঘটনার পর দু দেশের মধ্যে সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে। রাশিয়া মনে করে দু দেশের মধ্যে যাবতীয় মত পার্থক্য সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণা মেনে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব।
ইজরায়েল এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারতে তাদের রাষ্ট্রদূত রিওভেন আজহার সমাজ মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ইজরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সঠিক বলে মনে করে। তিনি বলেন জঙ্গিদের বোঝা উচিত নিরপরাধ মানুষের সঙ্গে জঘন্য হত্যালীলা চালানোর পর লুকিয়ে থাকার কোনও জায়গা তাদের নেই।
ব্রিটেনের বিদেশ সচিব জোনাথান রেনল্ডস বলেন তারা দু দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত।
ইউএইর ডেপুটি প্রাইম মিনিস্টার আব্দুল বিন জায়েদ আল নায়হান দু দেশকেই ধৈর্য রাখতে বলেছেন।
রাষ্ট্র সংঘের মহাসচিব অন্তেনিও গুয়াতেরাস তার মুখপাত্রের মধ্যমে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দু দেশের মধ্যে সামরিক সংঘর্ষ কাম্য নয়।
জাপানের ক্যাবিনেট সচিব ইয়োশিমাশা হায়াশি এক বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে ২২ এপ্রিলের জঙ্গি হামলার তারা কড়া নিন্দা করছে। একই সঙ্গে তারা বলেছে সেই ঘটনার পালটা হামলা দু দেশের মধ্যে পুরো দস্তুর সামরিক সংঘর্ষ তৈরি করতে পারে। দক্ষিণ- এশিয়ায় শান্তি বজায় রাখতে দু দেশেরই উচিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা।
ফ্রান্সের বিদেশ মন্ত্রী জিন নোয়েল বারোঁ বলেছেন, তাঁরা ভারতের অবস্থা বুঝতে পারছেন। সন্ত্রাসের বিরুদ্ধে তাদের আত্মরক্ষার চেষ্টা স্বাভাবিক। তবে একই সঙ্গে তিনি দু দেশের কাছে এই পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য পরিস্থিতি স্বাভাবিক রাখা দরকার। তবে ভারত সরকারের বক্তব্য স্পষ্ট তারা মানবতার বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যার সুফল পাবে বিশ্ব, কারণ পৃথিবীর কমবেশি সব দেশই কোন না কোন জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত।