আইনজীবীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে

পীযূষ চক্রবর্তী,
ফের শাসক দলের হাতে আক্রান্ত প্রতিবাদী। এবার আইনজীবীকে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। দোলের দিন বিকেলে ঘটনাটি ঘটে বরানগর এলাকায়।

জানা গিয়েছে, দোলের দিন বিকেলে মাকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী শুভেন্দু মিত্র। সেই সময় দেখেন তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন রাস্তায় মারামারি করছে। সেই সময় তিনি তাদের মারামারি করতে বারণ করেন। নিজেদের মধ্যে অযথা গোলমাল যাতে না করে তার অনুরোধ করেন তিনি। তখনই ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুণ্ডুর অনুগামীরা শুভেন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন। তাকে রাস্তায় ফেলে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকি তার মাকেও কটূ ভাষা বলতে দ্বিধাবোধ করেনি তারা। ওই আইনজীবী থানায় অভিযোগ দায়ের করেছেন।

১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা কুণ্ডুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।