বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে খড়দহে অস্বাভাবিক মৃত্যু যুবকের, বিষ খাইয়ে খুনের অভিযোগ

Published By Subrata Halder, 02 June 2025, 05:08 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
সন্ধ্যাবেলা বাইক নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন যুবক। পরে তার দেহ মিলল। বন্ধুরা তাকে খুন করেছে বলে পরিবারের অভিযোগ। এই রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ রহড়া এলাকায়। মৃতের নাম শেখ সমীর আলি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই বন্ধুর খোঁজ চলছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাবেলা বাইক নিয়ে বেরিয়েছিলেন শেখ সমীর আলি। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায়। পরিবারের তরফে সমীরের ফোনে ফোন করে তারা। নীলগঞ্জ থানার পুলিশ তাঁর পরিবারের সদস্যদের জানায়, সমীরের পথ দুর্ঘটনা হয়েছে। তাকে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই কথা জেনে পরিবারের সদস্যরা ওই হাসপাতালে যান। কিন্তু তারা গিয়ে জানতে পারেন, সমীরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। দুশ্চিন্তা ক্রমশ বাড়তে থাকে। রাতে খড়দহের বাড়িতে অ্যাম্বুল্যান্স করে সমীরকে নিয়ে যান দুই বন্ধু। ঘটনায় সকলেই হতবাক হন।
সমীরকে দ্রুত বন্দিপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সমীরের। বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে, এই অভিযোগ তুলেছেন পরিজনরা। বন্ধুরা এই খুন করেছে, বলে অভিযোগ করেন তারা। রাতেই উপ স্বাস্থ্যকেন্দ্রের সামনে ওই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ থামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রহড়া থানা ও নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। কেন সমীরকে প্রথমে বারাকপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হল না? বন্ধুরা সমীরকে হাসপাতালে না নিয়ে গিয়ে কেন বাড়িতে ফিরিয়ে এনেছিলেন? মাঝের সময় সমীরকে নিয়ে তারা কোথায় ছিলেন? সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।