নদীয়ায় শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

পীযূষ চক্রবর্তী,
পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। উত্তেজনা ছড়াল নদীয়ার কালীগঞ্জে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন।
জানা গিয়েছে, এদিন সকালে ওই শিশুকন্যাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এরপর শিশুটি বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজন দেখতে পান তার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর ওই শিশুকন্যাটিকে জিজ্ঞাসা করলে সে সবকিছু খুলে বলে। ততক্ষনে অবশ্য অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই চরম উত্তেজনা তৈরি হয়। এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তারপরেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। দীর্ঘক্ষণ অবরোধ করা হলে পরে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে। অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে।