বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি:বিসিসিআই ফেসবুক পেজ
খাদের কিনারা থেকে ম্যানচেস্টারে ম্যাচ বাঁচিয়ে নিয়েছে ভারত, সামনে লক্ষ্য ছিল একটাই, টেস্ট ড্র করা। কারণ জয় যে সম্ভব নয়, তা বোঝা গিয়েছিল ম্যাচের চতুর্থ দিনেই। তবে শেষ দিনে এই কাজে সফল জাদেজা এবং সুন্দর। শুভমান গিলের সেঞ্চুরির পর শতরান হাঁকালেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও।
শতরান করে একদিকে যেমন দলের পতন রোধ করেছেন তেমনি সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার সম্প্রচারকারী চ্যানেলে ওয়াশিংটন বলেন, খুবই বিশেষ অনুভূতি এটা। যা ভাষায় প্রকাশ করা কঠিন। টেস্ট প্রথমবার শতরান করলাম। দারুণ অনুভূতি।
প্রতিটি সেঞ্চুরিই গুরুত্বপূর্ণ। কিন্তু এই শতরানটি অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলাম। গোটা দিন যাতে লড়াই করতে পারি, এই লক্ষ্য নিয়েই নেমেছিলাম। কোচের কাছ থেকে এই বার্তাই পেয়েছি। সত্যিই খুশি যে, শেষমেশ ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছি।
এখানে থেমে না থেকে সুন্দর আরও বলেন, বল দেখে দেখে খেলতে চেয়েছিলাম। ভালো বলকে যথাযোগ্য সম্মান দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল টিকে থাকা। শৃঙ্খলিত ব্যাটিং করা। সেই লক্ষ্যে সফল। টেস্ট ড্র রাখতে পেরে সত্যিই ভালো লাগছে।
পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া জাদেজা ১৮৫ বলে ১০৭ ও সুন্দর ২০৬ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন।আর এই ড্রয়ের সঙ্গে সিরিজে টিকে থাকল ভারত। পঞ্চম তথা শেষ টেস্ট ওভালে হবে। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ কে জিতবে। তবে যেভাবে জাডেজা এবং সুন্দর ইংল্যান্ডের মুখের গ্রাস কাড়লেন তা দীর্ঘদিন মনে থাকবে বেন স্টোকসের ।

