Published By Subrata Halder, 27 May 2025,11 :27 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
জল্পনা ছিলই। কলকাতায় থানায় ওসিদের বদলিতে সিলমোহর দিল কর্তৃপক্ষ। জানা গেছে মোট আটটি ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসারদের বদলি করা হয়েছে। সত্যব্রত রায়চৌধুরীকে ভবানীপুর থানা থেকে সরানো হয়েছে। তাকে পাঠানো হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। বেশ করেকটি থানার ওসিরা পদোন্নতি পেয়ে ছিলেন। তাদের সহযোগী কমিশনার পদে পদোন্নতি হয়েছিল। ফলে অনেক দিন ধরে ওসির মতো গুরুত্বপূর্ণ পদ খালি ছিল। যেমন হেয়ার স্ট্রিট থানায় আগের ওসি ছিলেন সুমিত দাশগুপ্ত। তিনি এখন সহযোগী কমিশনার। এ বার সেই শূন্যস্থান পূরণ করা হল। অন্যদিকে বোধিসত্ত্ব প্রামাণিক বালিগঞ্জ থানার দায়িত্বে ছিলেন। তাকে ভবানীপুর থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। আবার দু’জন অতিরিক্ত ওসিকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্ণব রায়চৌধুরীকে জোড়াবাগান থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জোড়াবাগান থানায় কর্মরত রয়েছেন। সুব্রত করকে বালিগঞ্জ থানায় ওসি করা হয়েছে। তিনিও অ্যামহার্স্ট স্ট্রিট থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন।
পাশাপাশি বিপ্লব মান্ডিকে সিকিউরিটি কন্ট্রোল থেকে আমহার্স্ট স্ট্রিট থানায় অতিরিক্ত ওসি করা হয়েছে। কমল সরেনকে স্পেশাল ব্রাঞ্চ থেকে জোড়াবাগান থানায় অতিরিক্ত ওসি করে আনা হয়েছে। ইন্সপেক্টর চণ্ডীচরণ ব্যানার্জিকে সিকিউরিটি কন্ট্রোলে পাঠানো হয়েছে। প্রসূনকুমার ঘোষকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে। রুটিন ট্রান্সফার বলা হলেও পিছনে লুকিয়ে রয়েছে অনেক তথ্য।

