আনন্দ উচ্ছ্বাসের গোয়ায় এবার ভোগ উল্লাস নয়, যোগভূমি হিসেবে চেনানোর নতুন উদ্যোগ সরকারের

Published By Subrata Halder, 18 May 2025, 03:58 pm

বঙ্গবার্তা ব্যুরো,
এখন থেকে গোয়াকে নতুন চেহারায় তুলে ধরা হবে। শুধুমাত্র মজা করার জন্য বা আনন্দ ফুর্তি করার জন্য গোয়ায় আসতেন মানুষ। কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এখন গোয়াকে নতুন রূপে চেনাতে চাইছেন। তিনি চাইছেন গোয়াকে সনাতনী চেহারায় তুলে ধরতে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে চিন্তায় ব্যবসায়িক মহল। তাদের আশঙ্কা এর ফলে ব্যবসা বাণিজ্য মার খেতে পারে। সারা বছরই পর্যটকরা গোয়ায় আসেন নিছক আনন্দ উপভোগ করতে। সেখানে অন্য কিছু করতে গেলে সমস্যা হবে। মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে।
বর্তমানে গোয়ায় বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, তিনি বলছেন এখন থেকে গোয়া কে মানুষ আর ভোগের ভূমি হিসেবে নয় যোগ এবং গোমাতার ভূমি হিসেবে চিনবে ।
মুখ্যমন্ত্রী উত্তর গোয়ার রামনাথী গ্রামে সনাতন রাষ্ট্র শঙ্খনাথ মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন। তিনি বলেন, মানুষ মনে করে গোয়া মানেই ভোগের জায়গা। কিন্তু সময় এখন বদলেছে। এখন গোয়া যোগ সাধনার ভূমি, গোমাতার ভূমি।
মুখ্যমন্ত্রী বলেন এখানে সনাতন ধর্মের আশ্রম রয়েছে। পুরান অনুযায়ী, ভগবান পরশুরাম তীর ছুঁড়ে আরব সাগরকে পেছনে ঠেলে দিয়েছিলেন। তারপরে যে ভূমি তৈরি হয় সেটাই গোয়া। মুখ্যমন্ত্রী বলেন এখন কিন্তু গোয়ায় পর্যটকরা নিছক আমোদ প্রমোদ করতে আসেন না। তারা এখানকার সংস্কৃতি, প্রাচীন মন্দির এইসব দেখার জন্যই আসেন।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সিঁদুরে মেঘ দেখছেন ব্যবসায়ীরা।এমনিতেই পরিসংখ্যান বলছে ২০২৪ সালে গোয়ায় পর্যটকদের ভিড় আগের মত হয়নি। ফলে ব্যবসা মার খেয়েছে। হোটেল ও রিসর্ট মালিকরা, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আরো বেশি আতঙ্কিত। তারা বক্তব্য, গোয়ায় মানুষ যদি মন খুলে আনন্দ করতেই না পারেন তবে তারা আসবেন কেন। আর তার ফলে গোয়ার পর্যটন শিল্প মার খাবে,
দাবী হোটেল মালিকদের।