রুফটপ সোলার প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে শুরু তথ্য সংগ্রহ। বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমিয়ে পরিবেশবান্ধব মিড ডে মিল ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য।
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,সুদীপ্ত চট্টোপাধ্যায়:
বিদ্যালয়গুলিতে মিড ডে মিল প্রকল্পকে আরও আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করে তুলতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এবার স্কুলের রান্নাঘরে সৌরশক্তির ব্যবহার চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যালয়গুলিতে রুফটপ সোলার সিস্টেম বসানোর উপযুক্ততা যাচাই করতে ইতিমধ্যেই তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষভাবে চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে—বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের অবস্থা, মিড ডে মিল রান্নাঘরের বর্তমান পরিকাঠামো, সোলার প্যানেল বসানোর জন্য পর্যাপ্ত ছাদের জায়গা রয়েছে কি না এবং বৈদ্যুতিক রান্নার জন্য প্রয়োজনীয় সংযোগ ও প্রযুক্তিগত সুবিধা কতটা রয়েছে।
প্রশাসনের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিদ্যালয়গুলির দৈনন্দিন রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। একই সঙ্গে এলপিজি বা অন্যান্য জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণও হ্রাস পাবে। ফলে বিদ্যালয়গুলি ধীরে ধীরে পরিবেশবান্ধব ও টেকসই শক্তি ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে।
শুধু আর্থিক সাশ্রয় নয়, ভবিষ্যতের পরিবেশবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। বর্তমানে প্রকল্পটি প্রাথমিক সমীক্ষার পর্যায়ে থাকলেও তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।
শিক্ষা মহলের একাংশের মতে, যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়, তবে রাজ্যের বিদ্যালয়গুলিতে সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে টেকসই উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

