বকেয়া গাড়ির কর মেটাতে ৪০% ছাড়ের পথে রাজ্য, দিতে হবে বকেয়ার ৬০%

প্রায় ১৭০০ কোটি টাকা বকেয়া, ওয়েভার স্কিমের প্রস্তাব অর্থ দফতরে; সাড়ে তিন লক্ষেরও বেশি গাড়ির মালিক পেতে পারেন সুবিধা

Published by -Jyotirmay Dutta: Posted 0.10.2026 at 12:57 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

বকেয়া গাড়ির কর আদায়ে এবার ওয়েভার স্কিম চালুর পথে রাজ্য সরকার। প্রস্তাবিত এই স্কিমে বকেয়া করের উপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থ দফতরের অনুমোদন মিললে গাড়ির মালিকদের বকেয়া করের বাকি ৬০ শতাংশ মেটাতে হবে। মঙ্গলবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

পরিবহণ দফতর সূত্রে খবর, ট্যাক্স, পারমিট, লাইসেন্স-সহ বিভিন্ন খাতে প্রায় ১৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এই বকেয়া আদায়ে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করেছে পরিবহণ দফতর। তবে এখনও পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি। গত এক মাসেরও বেশি সময়ে বকেয়া বাবদ ১০০ কোটির কিছু বেশি টাকা জমা পড়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে বকেয়া করের উপর ছাড় দেওয়ার দাবি জানিয়েছিলেন বাসমালিকদের একাংশ। মঙ্গলবারের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পরিবহণমন্ত্রী জানান, বকেয়া কর আদায়ে ৪০ শতাংশ রিবেট দেওয়ার প্রস্তাব অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে বকেয়া অর্থের ৬০ শতাংশ পরিশোধ করেই গাড়ির মালিকেরা করের দায় মেটাতে পারবেন।

দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বর্তমানে সাড়ে তিন লক্ষেরও বেশি গাড়ির কর বকেয়া রয়েছে। বকেয়া অর্থের পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। দীর্ঘদিন ধরে কর না দেওয়া গাড়ির বিরুদ্ধে গত মাসের গোড়া থেকেই অভিযান চালাচ্ছে পরিবহণ দফতর।

তবে ওয়েভার স্কিম চালু হতে পারে—এই আশায় অনেক গাড়ির মালিক বকেয়া কর মেটানোর ক্ষেত্রে অপেক্ষা করছিলেন বলে জানা গিয়েছে। নতুন স্কিম কার্যকর হলে তাঁদের তুলনামূলক কম টাকায় দীর্ঘদিনের বকেয়া কর মেটানোর সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, অনুমোদিত রুটের বাইরে বেআইনি ভাবে বেসরকারি বাস চালানোর অভিযোগও বৈঠকে ওঠে। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত রুট পরিবর্তন করে বাস চলাচল করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বেশ কিছু বাস অনুমোদিত রুটের বাইরে চলাচল করছে। বাসমালিকদের অভিযোগের ভিত্তিতেই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *