মোট ভোটারে নন্দীগ্রাম এগিয়ে, ১৮–১৯ বছরের ভোটারে রেজিনগর; শতায়ু ও প্রবীণ ভোটারে নজর কাড়ছে নন্দীগ্রাম
Published by -Jyotirmay Dutta: Posted 05.10.2026 at 18:57 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
উপনির্বাচনের আগে ভোটার তালিকার পরিসংখ্যানে সামনে এল মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ছবি। মোট ভোটারের সংখ্যায় রেজিনগরের তুলনায় নন্দীগ্রাম এগিয়ে থাকলেও, নতুন ভোটারের হিসাবে পাল্লা ভারী রেজিনগরের।
রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭ জন। অন্যদিকে নন্দীগ্রামে মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ১৫৭ জন। অর্থাৎ রেজিনগরের তুলনায় নন্দীগ্রামে ভোটার বেশি ৯,৫০০ জন।
লিঙ্গভিত্তিক হিসাবেও দুই কেন্দ্রেই পুরুষ ভোটারের সংখ্যা মহিলাদের তুলনায় বেশি। রেজিনগরে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ১৪ জন, মহিলা ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নন্দীগ্রামে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৭ জন, মহিলা ১ লক্ষ ২৭ হাজার ৪৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
নতুন ভোটারে রেজিনগর এগিয়ে
১৮ থেকে ১৯ বছর বয়সি নতুন ভোটারের সংখ্যায় নন্দীগ্রামকে পিছনে ফেলেছে রেজিনগর। রেজিনগরে এই বয়সি ভোটার রয়েছেন ২,৪৪৫ জন। নন্দীগ্রামে সংখ্যাটি ২,০১৬ জন। অর্থাৎ নতুন প্রজন্মের ভোটারের হিসাবে রেজিনগরে ৪২৯ জন বেশি।
প্রবীণ ও শতায়ু ভোটারে এগিয়ে নন্দীগ্রাম
অন্যদিকে প্রবীণ ভোটারের সংখ্যায় নন্দীগ্রাম এগিয়ে। ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার নন্দীগ্রামে ১,৮৮৪ জন, রেজিনগরে ১,৬৯৭ জন।
শতবর্ষী ভোটারের সংখ্যাতেও নন্দীগ্রামের পাল্লা ভারী। নন্দীগ্রামে ১০০ বছর বা তার বেশি বয়সি ভোটার রয়েছেন ৪২ জন, রেজিনগরে রয়েছেন ৩৬ জন।
বিশেষ ভাবে সক্ষম ও সার্ভিস ভোটারে রেজিনগর এগিয়ে
শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যায়ও রেজিনগর এগিয়ে। সেখানে এমন ভোটার রয়েছেন ৩,২৩১ জন, নন্দীগ্রামে ২,১৮০ জন। সার্ভিস ভোটারের ক্ষেত্রেও রেজিনগর এগিয়ে—সেখানে সংখ্যা ১,১১১, নন্দীগ্রামে ৭৩৮ জন।
অর্থাৎ, মোট ভোটারের সংখ্যায় নন্দীগ্রাম এগিয়ে থাকলেও তরুণ ভোটারের হিসাবে রেজিনগর এগিয়ে। আবার প্রবীণ ও শতায়ু ভোটারের সংখ্যায় নন্দীগ্রাম উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। দুই কেন্দ্রের ভোটার তালিকার পরিসংখ্যানে তাই বয়স, লিঙ্গ এবং ভোটার শ্রেণির বৈচিত্র্যের একটি স্পষ্ট ছবি উঠে আসছে।

