স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদন, জনস্বার্থে অবসর-সংক্রান্ত বিধি শিথিল করে মেয়াদ বৃদ্ধি
Published by -Jyotirmay Dutta: Posted 01.10.2026 at 12:47 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব
পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে মঙ্গলবার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। জনস্বার্থের কথা মাথায় রেখে সর্বভারতীয় পরিষেবা (মৃত্যু-সহ অবসর সুবিধা) বিধি শিথিল করে তাঁর পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে।

নির্দেশ অনুযায়ী, ৩১ অক্টোবরের পর আরও ছয় মাস রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব পালন করবেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তা। ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বহাল থাকছেন তিনি।
চলতি বছরের মার্চে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের ডিজি ও আইজিপি পদে দায়িত্ব পান সিদ্ধিনাথ গুপ্তা। নির্বাচনের আবহে তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর হাতে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দেওয়া হয়। এর আগে রাজীব কুমারের অবসরের পর ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন পীযূষ পাণ্ডে।

এরপর চলতি বছরের এপ্রিলেই সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ প্রথম দফায় ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফের তাঁর পরিষেবা আরও ছয় মাস বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ পদে সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বই বহাল থাকছে।

