Upload By K. Halder at 27th April 2025, 07:59 AM
বঙ্গবার্তা ব্যুরো,
শান্তি ফেরাতে আলোচনার মাঝেই রাশিয়ার ইউক্রেনে হামলা চালানো ভালভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের অসামরিক এলাকায় হামলার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেন, হয়তো পুতিন যুদ্ধ থামাতে চান না। ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, গত কয়েক দিনে পুতিনের বেসামরিক এলাকাগুলিতে, শহর ও গ্রামাঞ্চলে মিসাইল হামলার কোনো যৌক্তিকতা নেই।
শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি বৈঠক করেন। যার উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানো। শনিবার রোমে গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছিলেন এই দুই নেতাও। ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে এই বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্তা।
রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, সম্ভবত পুতিনের সঙ্গে ভিন্নভাবে মোকাবিলা করা দরকার। এরপর তিনি ব্যাংকিং বা সেকেন্ডারি স্যাংশনস বা নিষেধাজ্ঞার প্রসঙ্গে তোলেন।ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোয় মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে পুতিন জানিয়েছেন, তিনি কোনো পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

