গাজায় ত্রাণ নিয়ে যাবার পথে ম্যাডলিন জাহাজের ক্রুদের গ্রেফতার ইজরায়েলি সেনার

Published by Subrata Halder, 10 June 2025,  07:38 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ টিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইজরায়েলের আশদোদ বন্দরে নিয়ে গেছে। এরপর জাহাজের নাবিক সহ ১২ জন ক্রুকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। তাদের মধ্যে, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, আল জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদসহ বিভিন্ন দেশের মোট ১২ জন নাগরিক রয়েছেন।
আইনজীবী সংস্থা আদালা জানিয়েছে, আটকে থাকা মানুষদের বর্তমানে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বন্দী কেন্দ্রে রাখা হয়েছে। এখানে ১১ জন কর্মী এবং এক জন সাংবাদিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে শুনানির মুখোমুখি করা হবে।
আদালার পক্ষ থেকে বলা হয়েছে, ভলান্টিয়ারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছিল। এখন আমাদের আইনি দল বিমানবন্দরে পৌঁছেছে এবং দ্রুত তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। একইসঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও তাদের সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত হচ্ছেন।
ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ১২ জন এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন এবং নিজের নিজের দেশে ফেরার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে কয়েকজন আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
যারা দেশে ফেরার নথিতে স্বাক্ষর করতে অস্বীকার করবেন তাদের ইজরায়েলি আইনের আওতায় বিচারকের সামনে হাজির করানো হবে, যাতে তাদের নির্বাসন অনুমোদন করানো যায় জানিয়েছে ইজরায়েল মন্ত্রণালয়। ইতিমধ্যে বিভিন্ন দেশের কনস্যুলার প্রতিনিধিরাও বন্দিদের সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ করেছেন। ম্যাডলিন জাহাজটি গাজার ওপর ইজরায়েলের অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজা উপকূলের দিকে এগোচ্ছিল। গাজার উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল বা প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটি আটক করে ইজরায়েল।