মাঝেরহাট-ধর্মতলা সেকশনে আপ ও ডাউন লাইনের সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ, ২০২৯ সালের দীপাবলির মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যে আরও এক ধাপ অগ্রগতি
Published by -Jyotirmay Dutta: Posted 11.08.2026 at 15:20 pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:
ছবি এ আই দ্বারা নির্মিত
কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও একটি বড় সাফল্য। পার্পল লাইনের মাঝেরহাট-ধর্মতলা সেকশনে দ্বিতীয় সুড়ঙ্গ তৈরির কাজও সম্পূর্ণ করল টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। প্রায় ১০ মাসের টানেলিংয়ের পর ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন চত্বরে মাটির নিচ থেকে বেরিয়ে এল এই বিশাল যন্ত্র।
খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করেছে ‘দিব্যা’। এর আগে একই রুটের প্রথম সুড়ঙ্গ তৈরি করে গত মাসেই ভিক্টোরিয়ার নীচে পৌঁছে গিয়েছিল আরেক TBM ‘দুর্গা’। ফলে ‘দুর্গা’ ও ‘দিব্যা’র পরপর সাফল্যে মাঝেরহাট-ধর্মতলা অংশে আপ ও ডাউন—দুই লাইনের ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরির গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হল।
১০ মাসের কঠিন অভিযান
গত বছরের অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের জমি থেকে যাত্রা শুরু করেছিল ‘দুর্গা’ ও ‘দিব্যা’। এরপর মাটির গভীরে একের পর এক চ্যালেঞ্জ পেরিয়ে এগিয়েছে দুই TBM।
এই পথের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল আদি গঙ্গার নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা। পাশাপাশি সুড়ঙ্গের উপরে রয়েছে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং টাটা সেন্টার, এভারেস্ট হাউসের মতো গুরুত্বপূর্ণ বহুতল ভবন। ফলে উপরিভাগের কাঠামো অক্ষত রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভূগর্ভস্থ নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে হয়েছে।
এবার লক্ষ্য ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট
ভিক্টোরিয়া পর্যন্ত দুই সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার পর এবার নজর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট অংশে। এই অংশের দৈর্ঘ্য প্রায় ৯১৪ মিটার। তবে সেখানে সুড়ঙ্গ খননের আগে প্রায় দু’মাস উপরিভাগের বিভিন্ন কাঠামোর উপর নজরদারি চালানো হবে।
বিশেষ করে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিটের পথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নীচ দিয়ে সুড়ঙ্গ তৈরির সময় মাটির উপরের কোনও কাঠামোয় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
সবকিছু স্বাভাবিক থাকলে এরপর ‘দুর্গা’ ও ‘দিব্যা’কে দিয়ে এই অংশে আপ ও ডাউন লাইনের সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হবে।
বদলাবে সুড়ঙ্গ নির্মাণের পদ্ধতিও
ভিক্টোরিয়া-পার্ক স্ট্রিট অংশের সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হওয়ার পর ভূগর্ভস্থ মেট্রোপথ নির্মাণের পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী অংশের কাজ ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘দুর্গা’ পার্ক স্ট্রিটে পৌঁছতে পারে। অন্যদিকে ‘দিব্যা’র পার্ক স্ট্রিটে পৌঁছনোর সম্ভাব্য সময় ২০২৭ সালের মার্চ।
জোকা-এসপ্ল্যানেড মেট্রোর পথে বড় অগ্রগতি
‘দুর্গা’ ও ‘দিব্যা’র এই সাফল্য কলকাতার পার্পল লাইনের সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের দীপাবলির মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে।
ভিক্টোরিয়ার মাটির নিচে পরপর দুই TBM-এর পৌঁছে যাওয়া সেই লক্ষ্যের পথে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করল।

