বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ

Published by Subrata Halder, 10 June 2025, 11:48 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার শাসক বিরোধী দলের দ্বন্দ্ব অব্যাহত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা পড়েছে। বিধানসভায় সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত জানান অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। তিনি বলেন, প্রিভিলেজ নোটিশ জমা পড়েছে তার দফতরে। তিনজন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের তরফে এদিন সন্ধ্যায় তা অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার তা নিয়ে রুল জারি করার সম্ভাবনা রয়েছে। বিধানসভা কক্ষের বাইরে এদিন সভায় দেশের বীর সেনাদের ধন্যবাদ ও সম্মান জানিয়ে অধ্যক্ষের আনা প্রস্তাব সম্পর্কে বিকৃত বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী বলে অভিযোগ। সেই অভিযোগেই ফের তার বিরুদ্ধে আনা হয়েছে স্বাধিকারভঙ্গের নোটিশ। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছেন বিরোধী দলনেতা। এই মর্মে অভিযোগ করেছেন রাজ্যের তিন মন্ত্রী।