দীঘায় প্রথম রথযাত্রা, অনুষ্ঠান ঘিরে বিশেষ ব্যবস্থা

বঙ্গবার্তা ব্যুরো,
দিঘার জগন্নাথ ধাম প্রতিষ্ঠার পর এই প্রথম রথযাত্রা আগামী ২৭ শে জুন। এই উপলক্ষে সৈকত নগরীতে লক্ষ লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা। সেই মতই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দিঘার রথযাত্রা সফল করতে বৃহস্পতিবার নবান্নে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, ছিলেন ইসকনের প্রতিনিধিরাও।
দিঘায় অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথদেবের মন্দিরের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার রথ যাত্রায় সকলের নজর রয়েছে দিঘার দিকে। নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথমবার বিশাল রথযাত্রা আয়োজিত হবে। তৈরি হয়েছে ৩৬ চাকার তিনটি রথ। মাসির বাড়ির উদ্দেশে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা ও পরিছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির পর্যন্ত রাস্তার দুধারে বৈদ্যুতিন তার, গাছের ডাল, অন্যান্য জিনিসপত্র যা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তা সরিয়ে দেওয়া হয়েছে। নির্বিঘ্ন উৎসবই সরকারের মূল লক্ষ্য।সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী নিজেও সেখানে থাকবেন। সকল পুণ্যার্থীর নিরাপত্তার কথা মাথায় রেখে রথ টানার সময় ঠিক করা হবে। রথের দড়ি সকলেই ছুঁতে পারবেন। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে নির্দিষ্ট সংখ্যক ভলান্টিয়ার এবং সাধু সন্তরাই রথের দড়ি টানবেন।