Published By Subrata Halder, 15 June 2025, 05:01 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে। ইজরায়েলি পুলিশ সূত্রের খবর, তেল আভিভের দক্ষিণে অবস্থিত বাতইয়াম শহরে ছজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এছাড়া আরও সাতজন এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি পরিষেবার সদস্যরা।
জরুরি পরিষেবা এবং স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তর আরব শহর তামরাতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
চিকিৎসক এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাইফা এবং তেল আভিভ সহ ইজরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ইরান একযোগে ইজরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
শনিবার রাতের হামলায় পুরো ইজরায়েল জুড়ে সাইরেন বেজে উঠেছে। হাইফা এবং তেল আভিভ সহ বেশ কিছু শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইজরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ টি শিশুও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টিভির খবর, ‘ট্রু প্রমিস ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইজরায়েলে। ইজরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করেছে না কি বাধা দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

