বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরছেন প্রয়াত পল ওয়াকারের জনপ্রিয় চরিত্র ব্রায়ান ওকনর।
ক্যালিফোর্নিয়ার পোমোনায় অনুষ্ঠিত ফুয়েলফেস্টে হাজির হয়ে ভিন ডিজেল জানান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের শেষ পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের এপ্রিল মাসে। দর্শকদের উল্লাসের মধ্যেই তিনি জানান, স্টুডিও তার কাছে তিনটি শর্ত মেনে নিতে বলেছিল শেষ ছবি নির্মাণের জন্য।
ভিন বলেন, আমি বলেছি তিনটি শর্ত মানলে ছবিটি করব। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে হবে লস অ্যাঞ্জেলেসে। দ্বিতীয়ত, ফিরে যেতে হবে আসল গতি, রাস্তাঘাট, আর গাড়ির সংস্কৃতিতে। তৃতীয়ত, ফিরিয়ে আনতে হবে ব্রায়ান ওকনরকে।
ছবিতে ব্রায়ান ওকনর চরিত্রে অভিনয় করেছিলেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর সময় তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবির শুটিংয়ে ছিলেন। সেসময় তার কিছু দৃশ্য সম্পূর্ন করতে তার ভাইদের সাহায্য এবং সিজিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
যদিও ব্রায়ান চরিত্রটি কীভাবে ফিরবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ভিন ডিজেল। তবে সাম্প্রতিক বছরগুলিতে হলিউডে প্রয়াত অভিনেতাদের চরিত্র সিজিআই ও বডি ডাবলের মাধ্যমে ফিরিয়ে আনার নজির রয়েছে। যেমন ক্যারি ফিশারের লিয়া অর্গানা (রগ ওয়ান), ক্রিস্টোফার রিভের সুপারম্যান (দ্য ফ্ল্যাশ) ও ইয়ান হোমের অ্যাশ (এলিয়েন: রোমুলাস)।
২০১৫ সালে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭ ছবির শেষ দৃশ্যে ব্রায়ান ও ডমিনিক (ভিন ডিজেল) একসঙ্গে একটি রাস্তা ধরে গাড়ি চালিয়ে যান। শেষ কোয়ার্টার মাইল দৌড়ের পর দুটি রাস্তা আলাদা হয়ে যায়। ব্রায়ান যায় একদিকে, ডম অন্যদিকে। ওই আবেগঘন দৃশ্য দিয়ে চরিত্রটিকে বিদায় জানানো হয়েছিল
সিরিজের শেষ ছবি হবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১। এটি ফাস্ট এক্সের সরাসরি সিক্যুয়েল। ফাস্ট এক্স এ ডম ও তার দল মুখোমুখি হয়েছিল অতীত থেকে উদয় হওয়া এক প্রতিহিংসাপরায়ণ চরিত্র দান্তে রেইয়েসের অভিনেতা, জেসন মোমোয়া।
পরিচালক লুই লেটারিয়ার জানিয়েছেন, সিরিজের শেষ ছবি হবে আবেগঘন এক সমাপ্তি। আপনারা কাঁদবেন, বলেন তিনি। এটা খুবই দুঃখের হবে। আমাদের চোখে এরা আধুনিক যুগের সাধু। কেউ কেউ অলৌকিক কিছু ঘটায়, কেউ কেউ নিজেদের উৎসর্গ করে বৃহত্তর কল্যাণের জন্য যোগ করেন তিনি।

