বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
লর্ডসে জিতে খারাপ সংবাদ পেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুটো টেস্টে আর পাওয়া যাবে না শোয়েব বশিরকে। তিনি চোট পেয়েছিলেন দু’দিন আগেই। চোটের জন্য ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লিয়াম ডসনকে। আট বছর পর টেস্ট দলে ফিরলেন ৩৫ বছরের ক্রিকেটার।
এ ছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন জোরে বোলার গাস অ্যাটকিনসন।ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ২২ রানের জয়ের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বশিরের আঙুলে অস্ত্রোপচার করতে হবে। চলতি সপ্তাহের শেষ দিকে তাঁর অস্ত্রোপচার করা হবে। সিরিজের বাকি টেস্টে বশিরকে ছাড়াই পরিকল্পনা করতে হবে ইংল্যান্ডকে।
তিন টেস্টে বশির নেন ১০টি উইকেট। তবুও লর্ডসের নায়ক তাঁকেই মনে করা হচ্ছে। ভারতের টেলএন্ডারদের যখন আউট করতে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন, তখন শোয়েব বশির সিরাজকে বোল্ড করেন। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন শোয়েব।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং এবং ক্রিস ওকস।

