বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
বিসিসিআইতে সমাপ্ত হল রজার বিনির সভাপতির মেয়াদ। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
২০১৫ সালের লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, প্রশাসনিক পদে বয়সসীমা নির্ধারিত হয়েছে ৭০ বছর। সেই নিয়মেই বিদায় নিতে হল বিনিকে।তবে এই নিয়মেই প্রশাসনে ধারাবাহিকতা রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে বোর্ড মহলে অনেকেই মনে করছেন। ভারতীয় বোর্ডের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, সভাপতি পদ শুধু নামমাত্র নয়—তা সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। কিন্তু বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্বতন বোর্ড প্রেসিডেন্টের প্রস্থানের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয় বোর্ডকে। অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ দিনের বেশি সভাপতি পদে থাকতে পারেন না।
রাজীব শুক্লা অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট থাকতে থাকতেই মেয়াদের শেষ দিকে বার্ষিক সাধারণ সভার নোটিশ জারি করে দিতে পারেন। সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয়, যে কোনও একটা সপ্তাহে বার্ষিক সভা হয়ে যেতে পারে। বলা হচ্ছে, যা হবে, ২০ সেপ্টেম্বরের মধ্যে হবে। তার বেশি বোর্ড বার্ষিক সভা পিছোবে না।
৬৫ বছর বয়সী এই ক্রিকেট প্রশাসক কংগ্রেস থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আইপিএল কমিশনার, ২০২০ সালে হন বিসিসিআই সহসভাপতি। আগামী কয়েক মাস তিনিই থাকবেন সভাপতির দায়িত্বে। এখন দেখার সেপ্টেম্বরে কে নতুন সভাপতি হন।

