বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- বিসিসিআই
ওভালে প্রথম ইনিংসে সিরাজ ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন। সিরাজের এমন সাফল্যের নেপথ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে মাঠের বাইরে সিরাজের প্রাণের সম্পর্ক রয়েছে। ভারতীয় পেস বোলিং ইউনিটের নেতা হিসেবে বুমরাহকে বহুবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিরাজ। তিনি এখন ওভালে টেস্ট জয়ের স্বপ্নে বিভোর।
সিরাজ বলেন, “জস্সি(জসপ্রীত বুমরাহ) ভাই আমার নিজের দাদার মতো। আমি এই টেস্টের আগে ওকে বলেছিলাম, কেন তুমি চলে যাচ্ছ? তা হলে ৫ উইকেট নিয়ে আমি কাকে জড়িয়ে ধরব? তা শুনে জস্সি ভাই বলল, আমি কোথাও যাচ্ছি না। এখানেই আছি। যাও, ৫ উইকেট নিয়ে ফেরো। আমাদের মধ্যে এই কথাই হয়েছিল। জস্সি ভাইয়ের কথার মান রাখতে পেরেছি।
বুমরাহ না থাকলেই তিনি জ্বলে ওঠেন। সাংবাদিকদের অবশ্য সিরাজ বলছেন, ”এটা আবার আপনারা মনে করবেন না যে বুমরাহর অনুপস্থিতিতেই আমি ভাল খেলি।” বুমরাহ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচটা টেস্টের সবক’টি খেলেননি। একমাত্র সিরাজ কিন্তু টানা পাঁচটি টেস্ট ম্যাচই খেলছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এতদিন ছিলেন ক্রিস ওকস।
ইংল্যান্ডের সেই বোলারও পঞ্চম টেস্টে ছিটকে যান ওভাল টেস্ট থেকে। ফলে দু’দলের মধ্যে সিরাজ একাই পাঁচটি টেস্ট ম্যাচ খেলছেন। সিরাজ এবার সিরিজেও সবচেয়ে সফল বোলার। পাঁচ ম্যাচে ৩৫.৬৭ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। তিনিই একমাত্র ভারতীয় পেসার, যিনি সিরিজের সবকটি ম্যাচ খেলেছেন। ওভালে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারতের বোলিং আক্রমণে তাই সিরাজের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

