এশিয়া কাপে সুযোগ পেতে চলেছেন গিল ও যশস্বী

বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ইংল্যান্ডে ভালো খেলার পুরস্কার এশিয়া কাপে পেতে চলেছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। সাম্প্রতিক সময়ে খুব একটা টি২০ খেলতে দেখা যায়নি এই দুই ক্রিকেটারকে। দুজনেই শেষবার টি২০ খেলেছিলেন ২০২৪-র ৩০ জুলাই। কিন্তু এশিয়া কাপে সম্ভবত তাঁদের দলের বাইরে করা হবে না। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। যদিও সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুজনেই যে রকম ফর্মে ছিলেন, তাতে নির্বাচক মহল কিছুটা দ্বন্দ্বে ভুগছে।

এশিয়া কাপ শেষ হওয়ার পরই আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। গিল যেহেতু টেস্ট অধিনায়ক এবং ইংল্যান্ডে ৫ টেস্টের পর আরও শেখার সুযোগ রয়েছে, তাই সেখানে তাঁকে দেখা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে, পরপর দুই টুর্নামেন্টে খেললে একেবারেই বিশ্রাম পাবেন না দুই ক্রিকেটার। যশস্বীর ক্ষেত্রেও একই বক্তব্য। বিসিসিআই সূত্রের খবর, আপাতত পাঁচ সপ্তাহ ছুটি রয়েছে। টি২০ তে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা যেরকম ফর্মে আছেন, তাতে ওদের দলের বাইরে রাখা কঠিন।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এখন পাঁচ সপ্তাহের বিরতি রয়েছে। এর মধ্যে কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। তাই সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ধারাবাহিক পারফরম্যান্সের পরেও এই তিন ক্রিকেটার স্কোয়াডে জায়গা পেতে পারেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, এশিয়া কাপ খেলা হবে ২১ দিন ধরে। ফাইনালে পৌঁছলেও ৬টার বেশি ম্যাচ খেলতে হবে না। তাই ওয়ার্কলোড নিয়ে ভাবতে হবে না। তবে ১৭ সদস্যের দল বেছে নেওয়ার সময়ে সবটা ভেবেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।