ভারতে কমনওয়েলথ গেমসের সম্ভবনা, বিড করার সিদ্ধান্ত আইওএ-র

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সমাজ মাধ্যম

২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করতে মরিয়া ভারত। ২০৩০ সালে কমনওয়েলথ গেমস ভারতে যাতে হয় সেই উদ্দেশ্যেই বুধবার, দরপত্র জমা দেওয়ার অনুমোদন দিয়ে দিল আইওএ। বুধবার ছিল আইওএ-এর সাধারণ সভা। সেই সভাতেই ২০৩০ সালে কমনওয়েলথ গেমস বিড করার প্রস্তাব পাশ হয়ে গিয়েছে।

২০১০ সালে কমনওয়েলথ গেমস দিল্লিতে হয়েছিল। সেই গেমস আয়োজনের পর তখনকার ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০৩০ সালে আহমেদাবাদকে ভেন্যুতে হিসেবে তুলে ধরতে চাইছে আইওএ। তার প্রস্তুতিও শুরু হয়েছে।

ভারতে কমনওয়েলথ গেমসের আয়োজন হলে সমস্ত খরচ বহন করতে হবে সরকারকে। আগামী নভেম্বর মাসে কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ ভেন্যুর নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে। ওয়াকিবহাল মহল মনে করছে, দায়িত্ব পেলে অলিম্পিক আয়োজন করার ক্ষেত্রে ভারতের দাবি আরও জোরাল হবে।

আইওএ-র কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল বলেছেন, “২০৩০ সালে পূর্ণাঙ্গ মাপের কমনওয়েলথ গেমস হবে। আমাদের দেশ যে খেলাধুলোয় ভাল সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে যাতে পদকের সংখ্যা বৃদ্ধি পায়” ইতিমধ্যেই কমনওয়েলথ কমিটির একটি প্রতিনিধিদল আহমেদাবাদে পরিকাঠামো তদারকি করে জানা গিয়েছে, আরও বড় প্রতিনিধিদল চলতি মাসেই ফের আসতে চলেছে। কানাডা গেমস আয়োজনের লড়াই থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তবে লড়াইয়ে আছে নাইজেরিয়া। এ ছাড়া আয়োজনের প্রস্তাব দিতে পারে দক্ষিণ আফ্রিকাও।