বরাদ্দ কমছে ভারতীয় দলের জন্য, এশিয়া কাপের আগে সিদ্ধান্ত বোর্ডের

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের আগে স্পনসরহীন হয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের জন্য কি বরাদ্দ কমাচ্ছে বিসিসিআই?
এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলকে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। নিয়ম এবার বদল হচ্ছে। খেলোয়াড়দের নিজ নিজ শহর থেকে সরাসরি দুবাইয়ে পৌঁছে যাবেন, সেখানেই তারা একত্রিত হবেন।
নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এশিয়া কাপ খেলতে একসঙ্গে যাবে না ভারতীয় দল। পূর্বে মুম্বই থেকে দলগতভাবে সফর করাই ছিল প্রচলিত রীতি।

সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিসিআই এর এক কর্তা বলেন, “৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটারেরা দুবাই পৌঁছবেন। ৫ সেপ্টেম্বর আইসিসি অ্যাকাডেমিতে প্রথম অনুশীলন হবে। মুম্বই থেকে সকলকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হত। সে ক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের টিকিটের বিমানযাত্রার খরচ দু’বার করে দিতে হত। তাই এ বার সকলে নিজের নিজের শহর থেকে যাবে।”

ভারতীয় ক্রিকেট দল তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর। এই প্রতিযোগিতার জন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের দল ৪ সেপ্টেম্বর দুবাইয়ে একত্রিত হবে। এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে। গ্রুপ-এ’তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান।

ভারত তাদের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে লড়াই এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। এই তিনটি ম্যাচের মাধ্যমে গ্রুপ পর্ব শেষ হবে এবং এরপর শুরু হবে সুপার ফোর পর্ব।

গৌতম গম্ভীর পরিকল্পনা নিয়েছেন ভারতীয় দলের প্রস্তুতি শিবির দেশে হবে না। দল সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে শুরু হবে শিবির।দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওই প্রস্তুতি শিবির ভারতে করার বদলে দুবাইয়ে করার সিদ্ধান্ত নিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক।