লাল হলুদের বড় চমক,ছাঁটাই হলেন তারকা স্ট্রাইকার

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল, সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টে লাল-হলুদ জানিয়েছে, গ্রিসের ফুটবলারের সঙ্গে মৌখিক বিচ্ছেদ হয়েছে ক্লাবের। আগামী সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই মরশুম শুরু হওয়ার আগেই তাঁকে একবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অস্কার তাঁকে একটা সুযোগ দিয়েছিলেন। ডার্বিতে তিনি নায়ক হলেও সেমিফাইনালে ফের একবার ব্যর্থ হয়েছিলেন দিমিত্রি দিয়ামনতাকস। সেই থেকেই শুরু জোর জল্পনা।

আইএসএলে তিনি কেরালা ব্লাস্টার্সে যোগ দেন ২০২২-এ এবং প্রথম দুই মরশুমে ৩৮টি ম্যাচে ২৩টি গোল করেন দিয়ামান্তাকস। ছ’টি গোলে অ্যাসিস্টও করেন। আইএসএলে প্রথম মরশুমে দশটি গোল করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আরও এক মরশুম থাকলে তিনি দলকে আরও সাফল্য এনে দিতে পারেন। মাঠের মধ্যে তাঁর ক্যারিশমা তো সারা দুনিয়া দেখেছে। কিন্তু মাঠের বাইরে, ড্রেসিংরুমে দলনেতা ও রোল মডেল হয়ে ওঠার যে ক্ষমতা দেখিয়েছেন দিয়ামান্তাকস, তা ছিল অভাবনীয়।

দুই বছরের চুক্তিতে দিয়ামানতাকোসকে এনছিল ইস্টবেঙ্গল। তবে ক্লাব সমর্থকদের মন জিততে পারেননি তিনি। সাফল্য কেরালায় পেয়েছিলেন, ইস্টবেঙ্গলে তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ৩২ ম্যাচে করেছেন ১২টি গোল। সহজ সুযোগ নষ্টের প্রবণতার জন্য সমর্থকদের কাছে বারবার সমালোচিত হয়েছেন।
পাশাপাশি চর্চায় ছিল তাঁর গোল মিসের প্রবণতা। স্ট্রাইকিং ফোর্সে তাঁর ব্যর্থতার জন্যই সাফল্য আসেনি ইস্টবেঙ্গল শিবিরে।

ডুরান্ড কাপে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দিমিত্রি। তার মধ্যে ডার্বিতে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন। কিন্তু সেই নায়কের আসন থেকে বিচ্যুত হতেও বেশিদিন লাগেনি। ডুরান্ড সেমিতে ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।