আরজি কর কাণ্ডে এবার গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

আরজি কর কাণ্ডের তদন্তে নয়া মোড় । পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এবার গ্রেফতার করল পুলিশ । তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করার পর থেকে পুরীর একটি হোটেলে তিনি আত্মগোপন করেছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর সিম কার্ড ট্র্যাক করে সেই হোটেল থেকেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷ আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তাঁর দেহ দ্রুত সৎকারের ঘটনায় নির্মল ঘোষের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন মৃতার বাবা-মা । এমনকী, তাঁদের দায়ের করা এফআইআর-এও নাম ছিল নির্মল ঘোষের । অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর দেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া এবং তা দ্রুত সৎকারের গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের । পরিবারের অভিযোগ ছিল, তাঁদের না-জানিয়েই তড়িঘড়ি দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং শ্মশানের অন্য মৃতদেহের আগে ভিআইপি দেহ বলে দাবি করে মৃত ছাত্রীর দেহ সৎকার করা হয়েছিল ।আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ ছিল, ঘটনার পরপরই দেহ দ্রুত সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয় । এই তাড়াহুড়োর পিছনে কী কারণ ছিল, কার নির্দেশে দেহ তড়িঘড়ি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় কী কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল – তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল । দ্রুত সৎকারের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট বা লোপাটের আশঙ্কার অভিযোগও উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে । পরবর্তী সময়ে তদন্তকারীদের জেরায় পানিহাটি শ্মশানের কর্মীদের কাছ থেকেও দেহ দ্রুত দাহ করার বিষয়ে তথ্য উঠে আসে । সেই বয়ানে তদন্ত নয়া মোড় নেয় ৷ আরজি করের নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল । এদিকে, গত 13 জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয় । ভোট-পরবর্তী হিংসা এবং লটারি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ আর এবার তাঁর বাবার গ্রেফতারি ঘিরে আরজি কর-কাণ্ডের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আরজি করের নির্যাতিতার মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তিতে পানিহাটিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে তদন্তের কথা ঘোষণা করেছিলেন । সেই মঞ্চ থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নতুন করে মামলা রুজু এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল । তার কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ।