শেখর সুমনের অনুষ্ঠানে ‘ভারতে শান্তি অনুভব করি না’ মন্তব্য; বিতর্কের পর সাফাই দিলেন সঞ্জয় দত্ত, বিজেপি নেতার কটাক্ষ—‘পাকিস্তান বা ইয়েরওয়াদা জেলে চলে যাওয়া উচিত’
Published by -Jyotirmay Dutta: Posted 01.10.2026 at 12:37 pm
বঙ্গবার্তা ওয়েব ডেস্কঃ
ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শेखর সুমনের একটি অনুষ্ঠানে কথোপকথনের সময় ভারত নিয়ে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিতর্কের মুখে পড়ে পরে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা।

কী বলেছিলেন সঞ্জয় দত্ত?
অনুষ্ঠানে ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় দত্ত বলেন, “একটা শান্তি হওয়া উচিত, কিন্তু আমি এখন ভারতে সেই শান্তি অনুভব করি না।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ঠিক কী ধরনের ‘শান্তি’র কথা তিনি বলেছেন, তা নিয়েও শুরু হয় জোর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ কেউ অভিনেতার বক্তব্যের সমালোচনা করেন, আবার অনেকে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলেন।

বিতর্কের পর সাফাই অভিনেতার
বিতর্ক তৈরি হওয়ার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সঞ্জয় দত্ত। তিনি স্পষ্ট করে জানান, কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।
অভিনেতার বক্তব্য, ওই কথোপকথনটি ছিল স্ক্রিপ্টেড এবং মূলত হালকা মেজাজের। তাঁর কথার মধ্যে ‘মুন্না ভাই’ ছবির হিউমার ও স্যাটায়ারের ধাঁচ ছিল বলেও জানান তিনি। বিশেষ করে ‘গান্ধীগিরি’র মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা, একতা এবং ইতিবাচক বার্তা দেওয়ার বিষয়টিকেই তিনি বোঝাতে চেয়েছিলেন বলে দাবি করেন।
সঞ্জয় দত্তের কথায়, দুর্ভাগ্যজনকভাবে তাঁর বক্তব্যের অর্থ মূল প্রসঙ্গ থেকে আলাদা ভাবে ব্যাখ্যা করা হয়েছে।
বিজেপির নিশানায় সঞ্জয় দত্ত
অন্যদিকে, অভিনেতার মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি। মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি বিধান পরিষদ সদস্য পরিণয় ফুকে সঞ্জয় দত্তকে তীব্র আক্রমণ করেন।

তিনি কটাক্ষ করে বলেন, সঞ্জয় দত্ত ঠিকভাবে ভাবতে পারছেন না এবং বয়সের প্রভাব তাঁর কথাবার্তায় দেখা যাচ্ছে। পাশাপাশি অভিনেতার মদ্যপান নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি।
পরিণয় ফুকে আরও বলেন, যদি ভারতে শান্তি না পাওয়া যায়, তাহলে সঞ্জয় দত্তের পাকিস্তান অথবা ইয়েরওয়াদা জেলে চলে যাওয়া উচিত।
সঞ্জয় দত্তের মন্তব্যের পর তাঁর দেওয়া ব্যাখ্যা এবং বিজেপি নেতার পাল্টা আক্রমণ—দুই মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

