বঙ্গবার্তা ব্যুরো,
সুদানের ওমদুরমানে একটি সামরিক বিমান ধ্বংস হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। মঙ্গলবার রাতে রাজধানী খার্তুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।এই বিমান দুর্ঘটনাটি গত দুই দশকের মধ্যে সুদানের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হচ্ছে। বিমানটি ওমদুরমানের উত্তরে ওয়াদি সাইদনা বিমান ঘাঁটি থেকে ওড়ার সময় ভেঙে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন সিনিয়র সামরিক কর্মকর্তা মেজর জেনারেল বাহর আহমেদ বাহর, লেফটেন্যান্ট কর্নেল আওয়াদ আয়ুব এবং বিমান চালনা দলের সদস্যরা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন, যাদের মধ্যে পাঁচ জন একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,তাঁরা বিকট বিস্ফোরণের শুনতে পান। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। তাতে আরও ১০ জন আহত হয়েছে। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি লোহিত সাগরের শহর পোর্ট সুদানের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু কারারি এলাকার আল-থাওরা পাড়ার ওপর দিয়ে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়।
সুদানে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং দেশটির বিমান নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ। ২০২০ সালে একটি সামরিক বিমান, রাশিয়ান অ্যান্টোনভ এন-১২, পশ্চিমাঞ্চলীয় দারফুরে ধ্বংস হয়ে প্রায় ১৬ জন নিহত হয়েছিলেন। ২০০৩ সালে একটি বেসামরিক সুদান এয়ারওয়েজ বিমান জরুরি অবতরণের চেষ্টা করার সময় পাহাড়ের ঢালে ধ্বংস হয়ে কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছিলেন। ওই দুর্ঘটনায় একটি শিশু ছাড়া আর কেউ বাঁচেন নি।
সুদানে সামরিক বিমান ধ্বংস হয়ে ৪৬ জনের মৃত্যু

