এগিয়ে আসছে সময়, ৯ মাস পর ১৬ মার্চ ফিরছেন সুনীতারা

বঙ্গবার্তা ব্যুরো,
দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে।আর দেরি নয়, দীর্ঘ সময় মহাকাশে বন্দিদশা কাটিয়ে এ সপ্তাহেই পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন দুই নভোচর সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর! নাসা জানিয়েছে, ১২ মার্চ ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে। ফলে আগাম ঘোষণা মত ১৯ মার্চ নয়, সব ঠিক থাকলে ১৬ মার্চ তারিখই ফিরছেন দুই মহাকাশচারী।
সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে নির্ধারিত মহাকাশযান ক্রিউ-১০। তাতে থাকবেন আরও চার নভশ্চর।তাঁদের গবেষণার কাজ বুঝিয়ে দিয়ে একই মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন সুনীতারা। গত বছরের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। মাত্র আট দিন পরেই তাঁদের ফিরে আসার কথা থাকলেও তা যে দেখতে দেখতে ৯ মাস পার হয়ে যাবে তা কে জানত? মাত্র কয়েকদিন পর তাঁদের ফেরার কথা থাকলেও এই রকেটে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আর ফিরতে পারেননি তাঁরা। সেকথা মাথায় রেখেই এবার স্টারলাইনারের বদলে ভরসা রাখা হয়েছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের উপর। এই সংস্থার ক্রিউ-১০’এ চড়েই ফিরবেন তাঁরা।