বালুচিস্তানে হাইজ্যাক জাফর এক্সপ্রেস ট্রেনে পণবন্দী সব পাক সেনাকে হত্যা করা হয়েছে দাবী বালুচ জঙ্গীদের

বঙ্গবার্তা ব্যুরো,
বালুচিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় এবার সামনে এল অন্য তথ্য। বালোচ লিবারেশন আর্মি এক ঘোষণা করে জানিয়ে দিল যে জাফর এক্সপ্রেস থেকে আটক করা ২১৪ জন পণবন্দী সেনাকে তারা হত্যা করেছে। অথচ গত বুধবার রাতেই পাক সেনা জানিয়েছিল যে বালচ বিদ্রোহীরা যে ট্রেন অপহরণ করেছিল তার অভিযান শেষ। সকল বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি বিদ্রোহীদের হাতে ২৮ জন নিরাপত্তা আধিকারিকের মৃত্যুর কথা স্বীকার করেছিল পাক সেনা।
এবার ২১৪ জন পণবন্দী সেনাকে বালোচ লিবারেশন আর্মির হত্যার দাবী ঘিরে রহস্য দানা বাঁধল। বিএলএ বিদ্রোহীরা জানিয়েছে, ট্রেন হাইজ্যাকে নিহত ২১৪ জনের সবাই পাকিস্তানি সেনা সদস্য। বালোচ বিদ্রোহীরা জানিয়েছে তারা যে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল পাক সরকারকে, তা শুক্রবারই শেষ হয়েছে। তাই ২১৪ জন পণবন্দির সকলকেই হত্যা করা হয়েছে। বালোচ রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য চুক্তির ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পর পাকিস্তানের তরফে কোনও যথাযথ উত্তর না পাওয়ায় তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবী জঙ্গী সংগঠনের।
বালোচ লিবারেশন আর্মির বক্তব্য, জাফর এক্সপ্রেস অভিযানে পাক সেনা চূড়ান্ত ব্যর্থ। নিজেদের সম্মান রক্ষার্থে তাই তারা বাস্তবকে অস্বীকার করছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে। তাদের সর্বশেষ বিবৃতিতে, বিএলএ দাবি করেছে যে দারা-ই-বোলান নামের অভিযানে তাদের ১২ জন সদস্য নিহত হয়েছে।