ট্যাংরা কাণ্ডে আদালতে গোপন জবানবন্দী কিশোর প্রতীপের

পীযূষ চক্রবর্তী,
ট্যাংরা কাণ্ডে আগামী কাল শুক্রবার আদালতে গোপন জবানবন্দী দিতে পারেন হাসপাতালে চিকিৎসাধীন কিশোর প্রতীপ দে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত প্রতীপের গোপন জবানবন্দী দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার জবানবন্দি তুরুপের তাস হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ১৯ ফেব্রুয়ারি ট্যাংরার অটল শূর রোডে বাড়ি থেকে উদ্ধার হয় দে পরিবারের তিন মহিলার রক্তাক্ত মৃতদেহ। দে পরিবারের দুই গৃহবধূ রোমি ও সুদেষ্ণার পাশাপাশি উদ্ধার হয় ওই বাড়ির ১৬ বছরের কিশোরী প্রিয়ংবদার দেহ। তাদের খুনের অভিযোগ ওঠে। ওই দিনই অভিষিক্তা মোড়ের কাছে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই পরিবারের তিন সদস্য প্রণয় দে, প্রসূন দে ও প্রতীপ দে-কে। তাদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। প্রণয় ও প্রতীপ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রসূন অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফেরেন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। সে ওই তিনজনকে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গিয়েছে। প্রতীপের গোপন জবানবন্দী প্রসূনের ক্ষেত্রে বড় বিপদের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।