মজা করার মজা দেখালেন শিন্দে সমর্থকেরা

বঙ্গবার্তা ব্যুরো,
মজা করার মজা টের পাইয়ে দিলেন শিব সেনা শিন্দে গোষ্ঠীর কর্মী- সমর্থকেরা। ্কৌতুক অভিনেতা কুণাল কামরার এক অনুষ্ঠান ঘিরে শিন্দে সেনার লোকজন মুম্বইয়ে এক হোটেলে ভাঙচুর চালায়। কুণালের নামে এফ আই আর দায়ের করে হয়েছে। পালটা শিন্দে সেনার ৪০ জন কর্মী সমর্থকদের আটক করা হয়েছে।
কুণাল কামরা নয়া ভারত নামে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। অভিযোগ সেখানে তিনি কিছু আপত্তিজনক মন্তব্য করেন। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিয়ে তাঁর মন্তব্য নিয়েই প্রবল আপত্তি করেন শিন্দের সমর্থকেরা। কুণাল এক হিন্দি গানের নকল বা প্যারোডি করে মহারাষ্ট্রের রাজনীতিতে দল বদল নিয়ে উপহাস করেন। যা দর্শক বা শ্রোতাদের যথেষ্ঠ আনন্দ দেয়। নিজের অনুষ্ঠানে কুণাল নাম না করে একনাথ শিন্দেকে গদ্দার বলেও উল্লেখ করেন।
কুণালের এই অনুষ্ঠানে উত্তেজিত শিন্দে সমর্থকরা অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায়। এদিকে কুণালের অনুষ্ঠানের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত লেখেন কুণালের কামাল। তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন শিন্দের সমর্থকেরা। তাঁদের অভিযোগ এর পিছনে উদ্ধব গোষ্ঠী এবং কংগ্রেসের হাত আছে। অন্যদিকে আদিত্য ঠাকরে কুণালের পাশে দাঁড়িয়েছেন।