শুধু অযোগ্যদেরই বেতন ফেরাতে হবে,বললেন মুখ্যমন্ত্রী

Published By Subrata Halder on 3rd April 2025 at 06:49pm

বঙ্গবার্তা ব্যুরো,
সুপ্রিম কোর্টের রায় শোনার পর রাজ্য সরকার কী করবে সে দিকেই তাকিয়ে মানুষ। শীর্ষ আদালতের রায় শোনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে জরুরি বৈঠক ডাকেন। সেখানে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আলোচনা করেন।
মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছেন। শীর্ষ আদালতের রায় মেনেই তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এই কাজ করবে এসএসসি। তিনি এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কথা বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেন আদালতের রায় অনুযায়ী শুধুমাত্র অযোগ্যদেরই বেতনের টাকা ফেরত দিতে হবে। এই অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা ৬ হাজার ২৭৬ জন। মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থাকে সম্মান করি তবে এই রায় মেনে নিতে পারছি না।
এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে বলেন ওনাকে কেন নোবেল দেওয়া হয়না বুঝি না। এত শিক্ষকের চাকরি এক ধাক্কায় চলে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড় রকমের প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।