Published by Subrata Halder On 6th April 2025 at 11:41 pm
বঙ্গবার্তা ব্যুরো
মঙ্গলবার ফের হয়তো একবার দ্বিধা বিভক্ত হতে চলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। সেদিন মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়েন্ট। দেখতে গেলে দুটি দলের সঙ্গেই, কলকাতার যোগ রয়েছে। একদিকে যেখানে ঘরের মাঠে খেলবে শাহরুখ খানের কেকেআর, সেখানেই লখনউয়ের কর্ণধার আবার সঞ্জীব গোয়েঙ্কা। যিনি কলকাতার অন্যতম প্রধান ফুটবল দল মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধারও বটে। শুধু তাই নয়, সোমবার আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানকে যুবভারতীতে সমর্থন করতে উপস্থিত থাকবেন লখনউয়ের ক্রিকেটার। এছাড়াও আগামী মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তাঁদের সবুজ-মেরুন জার্সি পরেই খেলার সম্ভাবনা রয়েছে। তাই ইডেনে যে লখনউ সুপার জায়েন্ট বেশ ভালই সমর্থন পাবে তা বলাই বাহুল্য।
এদিকে জামশেদপুরে খেলা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকদের। পুলিশের হাতে বেধড়ক মার খেতে হয়েছে পাঁচজন সমর্থককে। তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়। এ বার আইএসএলে সেমিফাইনালে দ্বিতীয় লেগের আগে সেই আক্রান্ত সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান সুপার জায়েন্ট।
প্রথম লেগে মোহনবাগানকে ১-২ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে জামশেদপুর। বদলার ম্যাচে ২-এর বেশি গোলে জিততে হবে। এই ম্যাচে নামার আগে মোহনবাগানকে এগিয়ে রাখছেন সমর্থকরা। সেই কারণেই এই পাঁচ সমর্থককে ভিআইপি টিকিট দিল মোহনবাগান। ম্যাচের একদিন আগে সাংবাদিক বৈঠকে সমর্থকদের কথাই ঘুরে ফিরে এল কোচ হোসে মলিনা ও জেমি ম্যাকলারেনের কথায়।
ঋপন মণ্ডল, সোনু সাঁপুই, সৌরভ সরকার, আকাশ রায়, সৌপ্তিক মজুমদার-জামশেদপুরে আক্রান্ত হওয়া সবুজ মেরুন সমর্থক। রিপন মণ্ডলের মাথা ফাটে, সোনু সাঁপুইয়ের হাতে আঘাত লাগে। এই পাঁচজনের হাতে ক্লাবের পক্ষ থেকে ফুল ও একটি করে ভিআইপি টিকিট দেওয়া হয়।তারা টিকিট পেয়ে মোহনবাগান সুপারজায়ান্ট কোচ এবং তারকা স্ট্রাইকারকে প্রণাম করেন।
ম্যাকলারেন বলেন, ‘সমর্থকরা আমাদের জন্য জামশেদপুরে মাঠে গিয়েছিলেন সমর্থন করতে। সমর্থকরা নিজেদের খরচে মাঠে যান। আমরা সমর্থকদের পাশে দাঁড়িয়েছি। সমর্থকদের সঙ্গে যেটা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। সমর্থকরাই আমাদের শক্তি।’
মোহনবাগান সমর্থকরা আক্রান্ত হওয়ার পর সমর্থকদের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ফিরতি লিগে বদলা নেওয়া হবে। সেই ছবিটা যাতে আর না দেখা যায় সেটার জন্য তৎপর আয়োজন মোহনবাগান। জামশেদপুরের সমর্থকদের জন্য আলাদা ব্লক থাকবে, যার ধারে কাছে যেতে পারবেন না মোহনবাগান সমর্থকরা। সঙ্গে বাড়তি পুলিশ মোতায়েন থাকছে।

