পশ্চিমবঙ্গ দিবস বিতর্কে কংগ্রেসের গণ-অবস্থান, ‘বাংলা ভাগের ইতিহাস বিকৃত করা হচ্ছে’

বঙ্গবার্তা নিউজ, কলকাতা, জ্যোতির্ময় দত্ত:

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের আবহে শনিবার বিধান ভবনের সামনে গণ-অবস্থান ও ধিক্কার সমাবেশ করল প্রদেশ কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের একাধিক নেতা-কর্মী।

কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে যে ইতিহাস তুলে ধরা হচ্ছে, তা প্রকৃত ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভঙ্কর সরকার বলেন, “একটি মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। ইতিহাসকে বিকৃত করে নতুন বয়ান তৈরি করা হচ্ছে। শুধু বাংলায় নয়, গোটা দেশেই বিজেপি ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছে।”

তিনি দাবি করেন, বাংলাভাগের ইতিহাস সম্পর্কে যে ব্যাখ্যা বর্তমানে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। কংগ্রেসের মতে, স্বাধীনতা সংগ্রাম এবং দেশ গঠনের ইতিহাসে দলের অবদানকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এদিন যখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে, তখন তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নিজেদের কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি গ্রহণ করে। দলের নেতাদের বক্তব্য, স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকা এবং বাংলার রাজনৈতিক-সাংস্কৃতিক উত্তরাধিকারকে কোনওভাবেই মুছে ফেলা যাবে না।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আজ যে পশ্চিমবঙ্গ দিবস বিজেপি পালন করছে, সেটিই একসময় তৃণমূল কংগ্রেস ১লা বৈশাখে পালন করত। বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে রাজনৈতিক স্বার্থে বদলে দেওয়ার চেষ্টা করা উচিত নয়।”

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও রাজা রামমোহন রায়-এর বাংলা, তাদের আদর্শ ও সাংস্কৃতিক চেতনাকে অক্ষুণ্ণ রাখাই সকলের দায়িত্ব। বাংলার স্বতন্ত্র পরিচয় এবং ইতিহাস যেন কোনওভাবেই বিকৃত না হয়, সেই আহ্বানও জানান তিনি।

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজনৈতিক তরজা যখন ক্রমশ তীব্র হচ্ছে, তখন কংগ্রেসের এই গণ-অবস্থান কর্মসূচি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিল।