জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে বড় সাফল্য, খতম জৈশ শীর্ষ কমান্ডার সহ ৩ জঙ্গি

Jaish Commander Saifullah Killed in Kashmir Army Operation

Upload By K. Halder at 12th March 2025, 12:01 PM

বঙ্গবার্তা ব্যুরো,
জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সেনা অভিযানে মৃত্যু হল ৩ জঙ্গির।মৃত তিন জঙ্গির মধ্যে একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ। গোপনে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা! নিহত জঙ্গিরা পাকিস্তান-ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার তুষারাবৃত এলাকায় চলা অভিযানে শনিবারই দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এর আগে শুক্রবার আরেকজন জঙ্গিকে নিকেশ করা হয়।আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে, নিহত জঙ্গিদের তাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ।এই সাইফুল্লাহ গত এক বছর ধরে চেনাব উপত্যকা অঞ্চলে সক্রিয় ছিলেন।


অন্যদিকে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান।তবে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।খারাপ আবহাওয়া এবং তুষারাবৃত দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে হচ্ছে বিশেষ বাহিনীকে।সেনা সূত্রের খবর, এখনও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, যাদের ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।কয়েকদিন ধরেই কিশৎওয়ার-সহ উপত্যকার একাধিক জায়গায় চলছে ‘অপারেশন ছতরু’।

জেহাদের জাল ছিঁড়তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। উধমপুর জেলার বাসন্তগড় এবং রামনগর এলাকায় বুধবার থেকে আরেকটি পৃথক অভিযান চলছে, যেখানে তিনজন জঙ্গির একটি দলকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।