Published by Subrata Halder, 18 June 2025, 06:49 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের পারমানু কেন্দ্র গুলির উপর ইজরায়েলের লাগাতার হামলা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকির পরিবেশ তৈরি করছে, যা মেনে নেওয়া যায় না। এই থ্রেট সারা বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি করছে,ক্ষোভ প্রকাশ করলো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মস্কোর দাবী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্র গুলির ওপর ইজরায়েলের লাগাতার ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটি পুরো বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
রাশিয়া দাবি করেছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করবে। ইজরায়েলকে অবিলম্বে পারমানু কেন্দ্রগুলির উপর হামলা বন্ধের আবেদন করেছে মস্কো।
রাশিয়ার মতে, ইজরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করছে যে, ইজরায়েল কেবল তার সহযোগী দেশগুলির সমর্থনেই নির্ভর করছে।
ইজরায়েলের বন্ধুরা গত সপ্তাহে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট একটি প্রস্তাব পাশ করিয়েছে, যা ইজরায়েলকে আক্রমণের খোলা ছাড়পত্র দিয়ে এই ট্র্যাজেডির জন্ম দিয়েছে।
ইজরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, যার প্রেক্ষিতে তারা হামলা চালিয়েছে।
কিন্তু ইরান এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা অভিযোগ করেছে, ইজরায়েল ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক আলোচনা পণ্ড করতে চাইছে।

