বঙ্গবার্তা ব্যুরো,
বর্ধমানের কাটোয়ার রাজোয়া গ্রামে বোমা বাঁধার সময় জোড়ালো বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত দুজন। পুলিশ সূত্রের খবর গতকাল পরিত্যক্ত একটি বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। যার মূল ভূমিকায় ছিল সদ্য জেল থেকে ছাড়া পাওয়ার দুষ্কৃতি তুফান চৌধুরী।
নানুর থেকে কয়েকজনকে নিয়ে এসে বোমা বাঁধার সময় হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরনের তীব্রতায় বাড়ির ছাদ উড়ে যায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃতদেহ পড়েছিল। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম বরকত কারিগর।
তুফান নিজেও গুরুতর আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটোয়ার বিধায়ক ও তৃনমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন এই ঘটনার পিছনে রয়েছে তৃনমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর দল থেকে বহিষ্কৃত জঙ্গল শেখ। কাটোয়ায় অজয় ও ভাগীরথী নদীর বালি খাদান দখলকে কেন্দ্র করে এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য এই বোমা বাঁধা চলছিল।
যার লক্ষ্য ছিল শাসক দলের মর্যাদা সম্পন্ন নেতা ও তৃনমূল কংগ্রেস দলের কার্যালয়। তিনি নিজেও এর লক্ষ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে মৃত বরকত কারিগর নানুরের বাসিন্দা হয়ে এখানে কি করে এলেন বা কেনো খতিয়ে দেখছে পুলিশ।

