বঙ্গবার্তা ব্যুরো,
ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী সময়ে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপের দেশ গুলি। জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাজ্য সফরকালে ম্যাক্রোঁ বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই শান্তিরক্ষী বাহিনী কার্যকর করার জন্য আমাদের কাছে সম্পূর্ণ ভাবে একটি পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, এই প্রস্তাবসমূহ
চূড়ান্ত হয়েছে এবং আমরা এটিকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে রূপ দিতে প্রস্তুত।
দুই নেতাই বলেন ইউক্রেনে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি সুনিশ্চিত করতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও তারা এই বাহিনীর কাঠামো, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বা সম্ভাব্য ম্যান্ডেট নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে এটি স্পষ্ট যে যুদ্ধ বন্ধের সম্ভাব্য মুহূর্তেই ইউরোপ সক্রিয়ভাবে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত।
এই ঘোষণাকে যুদ্ধকালীন ইউক্রেনের ভবিষ্যত নিরাপত্তা ও ইউরোপীয় কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমী জোটের এ ধরনের পরিকল্পনা রাশিয়ার প্রতিক্রিয়ার দিকেও দৃষ্টি রাখছে কূটনৈতিক মহল।

