বাবুঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন। তাঁর সাহিত্য, দেশপ্রেম ও সমাজচেতনার অবদানকে স্মরণ করলেন রাজ্যের গৃহ ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,অবধেশ চৌধুরী:
মহান সাহিত্যিক, ঔপন্যাসিক এবং ‘বন্দে মাতরম্’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার বাবুঘাটে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানালেন পশ্চিমবঙ্গ সরকারের গৃহ ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
এদিন শ্রদ্ধা নিবেদনের পর পূর্ণিমা চক্রবর্তী বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ভারতীয় সংস্কৃতি, দেশপ্রেম এবং সামাজিক চেতনার এক অমূল্য সম্পদ। তাঁর রচনা আজও মানুষকে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ করে।

তিনি আরও বলেন, বঙ্কিমচন্দ্রের সাহিত্য ও চিন্তাধারা বর্তমান প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং সাধারণ নাগরিকরাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা তাঁর আদর্শ ও চিন্তাভাবনাকে জীবনে ধারণ করার অঙ্গীকারও করেন।
অনুষ্ঠানজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক অবদান, ভারতীয় নবজাগরণে তাঁর ভূমিকা এবং জাতীয়তাবোধ গড়ে তুলতে তাঁর ঐতিহাসিক অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়।

