ডিপিআর দ্রুত তৈরি, বর্ষা মোকাবিলায় প্রস্তুতি, আটকে থাকা প্রকল্পে গতি এবং কাজের গুণগত মানে কোনও আপস নয়—উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট নির্দেশ।
Published by -Jyotirmay Dutta: Posted 10.07.2026 at 16:20 am
বঙ্গবার্তা নিউজ, কলকাতা, আভিজিত বসুঃ
ছবি -নিজস্ব
রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তুলতে সক্রিয় হল রাজ্য সরকার। নবান্নে গণপূর্ত (পিডব্লিউডি) দফতরের এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে উন্নয়নমূলক কাজের গতি বৃদ্ধি, নির্দিষ্ট সময়সীমা মেনে প্রকল্প সম্পন্ন করা এবং গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ জোর দিলেন বিভাগীয় মন্ত্রী ড. অজয় কুমার পোদ্দার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্ষাকালে পরিকাঠামোগত প্রস্তুতি, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন গণপূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য, দফতরের ঊর্ধ্বতন আধিকারিক এবং শীর্ষ ইঞ্জিনিয়াররা।

বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (DPR) দ্রুত প্রস্তুত করার ওপর। পাশাপাশি, বর্ষার সময় যাতে রাস্তা, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সড়ককে কেন্দ্রীয় সড়কে উন্নীত করার প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী। সংশ্লিষ্ট প্রকল্পগুলির কাজ কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা রয়েছে, তা নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়।
বৈঠকে ড. অজয় কুমার পোদ্দার স্পষ্টভাবে জানান, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প শেষ করাই সরকারের অগ্রাধিকার বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি এলাকায় নিরাপদ, টেকসই ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশ্যে গণপূর্ত দফতরকে আরও দায়িত্বশীল এবং সময়নিষ্ঠভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে উন্নয়নমূলক কাজের গতি বজায় রাখতে প্রশাসন ও প্রযুক্তিগত কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের সুফল যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই প্রতিটি প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

