‘পরিবহণে সমান্তরাল অর্থনীতি’, বিধানসভায় সিন্ডিকেট-তোলাবাজির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের

সরকারের আয় মাত্র ১০ শতাংশ, বাকি ৯০ শতাংশ চলে যাচ্ছে সিন্ডিকেটের হাতে—বিধানসভায় দাবি পরিবহণমন্ত্রীর। বেআইনি টোটো-অটো, নম্বরবিহীন ট্রাক, দালালচক্রের বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি নতুন বাস, আধুনিক টার্মিনাস ও লন্ডনের আদলে ট্রাম ফেরানোর ঘোষণা।

Published by -Jyotirmay Dutta: Posted 20.07.2026 at 18:40 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,সর্নিকা দত্ত:

ছবি এ আই দ্বারা নির্মিত:

পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সিন্ডিকেট রাজ ও তোলাবাজির বিরুদ্ধে বিধানসভায় বিস্ফোরক অভিযোগ তুললেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। সোমবার পরিবহণ দপ্তরের বাজেট পেশ করতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যের পরিবহণ ক্ষেত্রে কার্যত একটি ‘সমান্তরাল অর্থনীতি’ গড়ে উঠেছে, যেখানে সরকারের আয়ের তুলনায় সিন্ডিকেট ও দালালচক্রের আয় বহুগুণ বেশি।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহণমন্ত্রী বলেন,

“সরকার শুধু পরিকাঠামো তৈরি করছে। কিন্তু আয়ের মাত্র ১০ শতাংশ সরকারের ঘরে আসে, বাকি ৯০ শতাংশ চলে যায় সিন্ডিকেট ও তোলাবাজদের হাতে।”

তিনি জানান, এই দুর্নীতির শিকড় এতটাই গভীরে পৌঁছেছে যে পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ করতে হলে সকল বিধায়কের সহযোগিতা প্রয়োজন।

মোটর ভেহিকেলস অফিসে দালালচক্রের অভিযোগ

মোটর ভেহিকেলস দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে অর্জুন সিং বলেন, বিভিন্ন অফিসের বাইরে দালালরা বসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে।

তাঁর দাবি,

“যেখানে হাজার টাকায় কাজ হওয়ার কথা, সেখানে পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে। এত বড় ব্যবসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করতে পারবেন না, যত বড় ব্যবসা এখানে চলছে।”

মন্ত্রী অভিযোগ করেন, এই দালালচক্র দীর্ঘদিন ধরে সরকারি ব্যবস্থাকে কার্যত জিম্মি করে রেখেছে।

বেআইনি টোটো, অটো ও নম্বরবিহীন ট্রাক নিয়ে উদ্বেগ

রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি টোটো, অটো ও পিক-আপ ভ্যানের দৌরাত্ম্য নিয়েও সরব হন পরিবহণমন্ত্রী।

তিনি জানান, এক একজনের নিয়ন্ত্রণে ৪০ থেকে ৫০টি পর্যন্ত টোটো রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রধান সড়কে অবাধে টোটো চলাচল করছে। পুলিশ ব্যবস্থা নিতে গেলেও বিভিন্ন মহল থেকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বীরভূমে প্রায় ৪ হাজার নম্বরবিহীন ট্রাক চলাচলের অভিযোগ তুলে মন্ত্রী জানান, সম্প্রতি এক রাতের বিশেষ অভিযানে পরিবহণ দপ্তর ৪০ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে।

সরকারি বাসের বেহাল দশা, আসছে ৪৫০ নতুন বাস

রাজ্যের সরকারি বাস পরিষেবার দুরবস্থার কথাও তুলে ধরেন অর্জুন সিং।

তিনি জানান, বিভিন্ন ডিপোতে ৬০০ থেকে ৭০০টি বাস অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে যে বাসগুলি চলছে, সেগুলির অবস্থাও অত্যন্ত খারাপ।

মন্ত্রী বলেন,

“অনেক বাসের এমন অবস্থা যে ইঞ্জিন ছাড়া পুরো বডিটাই কাঁপছে।”

তবে পরিস্থিতি বদলাতে সরকার ইতিমধ্যেই ৪৫০টি নতুন বাস কেনার নির্দেশ দিয়েছে।

ভলভো বাস ও আধুনিক টার্মিনাসের পরিকল্পনা

পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করতে বাংলা থেকে ভিন রাজ্যে ৩ হাজার ভলভো বাস চালানোর পরিকল্পনার কথা জানান পরিবহণমন্ত্রী।

একইসঙ্গে রাজ্যে অত্যাধুনিক বাস টার্মিনাস তৈরির কথাও ঘোষণা করেন তিনি। সেখানে উন্নতমানের শৌচাগার, ডিজিটাল তথ্য পরিষেবা, যাত্রী বিশ্রামাগার-সহ আধুনিক সব সুবিধা থাকবে বলে জানানো হয়েছে।

লন্ডনের আদলে ট্রাম ফেরানোর পরিকল্পনা

কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনার কথাও ঘোষণা করেন অর্জুন সিং।

তিনি জানান, ইতিমধ্যেই রাইটস (RITES)-কে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এমন আধুনিক ট্রাম চালু করা হবে, যা আন্তর্জাতিক মানের হবে এবং পর্যটনেও নতুন আকর্ষণ তৈরি করবে।