রাজ্যে তোলাবাজির অভিযোগ নিয়ে স্বদলের নেতা-কর্মীদের সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ১৫ দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে কঠোর সাংগঠনিক পদক্ষেপের ইঙ্গিত, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।
Published by -Jyotirmay Dutta: Posted 01.08.2026 at 19:59 Pm
বঙ্গবার্তা নিউজ, কলকাতা,সর্নিকা দত্ত:
ছবি এ আই দ্বারা নির্মিত
রাজ্যে পালাবদলের পর তোলাবাজি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার তুলে ধরেছে রাজ্য সরকার। কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা ব্যবহার করে তোলাবাজির অভিযোগ সামনে আসতেই এবার স্বদলের নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শনিবার রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আরও ১৫ দিনের সময় দিচ্ছি। শুধরে যান। তার পর বুঝিয়ে দেওয়া হবে বিজেপি কী জিনিস।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শমীক ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং দলও সাংগঠনিকভাবে একই পথে এগোচ্ছে। তবে তিনি স্বীকার করেন, কিছু এলাকায় এখনও বিচ্যুতি রয়েছে এবং বিশেষ করে “রাতারাতি” দলে যোগ দেওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে।
তিনি কর্মীদের সতর্ক করে বলেন, “যে ডিম আজ অন্যের দিকে ছোড়া হচ্ছে, সেই ডিমের অভিমুখ বদলাতে সময় লাগবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।” পাশাপাশি ২০৭ আসনের জনসমর্থনকে অহংকারে পরিণত না করারও পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, “এই শরীরী ভাষা নিয়ে কেউ যদি মাঠে নামেন, তার পরিণতি অত্যন্ত বিপজ্জনক হবে।”
একই সঙ্গে শমীক ভট্টাচার্য স্বীকার করেন, মাত্র দু’মাসে দীর্ঘদিনের দুর্নীতির সংস্কৃতি বা সিন্ডিকেট ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলা সম্ভব নয়। তিনি বলেন, সরকার এবং দল উভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এখনও সব সমস্যা পুরোপুরি মেটেনি।
শমীক ভট্টাচার্যের এই হুঁশিয়ারি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তোলাবাজি ও দলীয় শৃঙ্খলা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বিজেপি সংগঠনের তরফে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।

